ডেস্ক নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’-এ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। অপরদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার জানান, ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোটদানের ইচ্ছা, নির্বাচনের পরিবেশ ও জনমতের পরিবর্তন বিশ্লেষণ করতেই এই রাউন্ড পরিচালিত হয়েছে।
জরিপে ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা নির্বাচনে ভোট দেবেন। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে আস্থা বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। একই সঙ্গে ৭২ দশমিক ৩ শতাংশ মনে করেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।
আগামীকাল নির্বাচন হলে নিজেদের এলাকায় বিএনপি প্রার্থীর জয় দেখছেন ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা, যা আগের রাউন্ডের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ভোট পছন্দের ক্ষেত্রে ৭৪ দশমিক ২ শতাংশ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, যদিও নারী ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার তুলনামূলক বেশি।
জরিপ বিশ্লেষণে দেখা যায়, বিএনপি তাদের মূল সমর্থন ধরে রাখার পাশাপাশি সিদ্ধান্তহীন ও সাবেক আওয়ামী লীগ ভোটারদের একটি অংশের সমর্থন পাচ্ছে। অন্যদিকে জামায়াতের ভোটব্যাংকে তুলনামূলক অস্থিরতা লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, প্রচারণা কৌশল ও জোটগত সমীকরণের ওপর নির্ভর করে শেষ মুহূর্তে আসন বণ্টনে পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিকভাবে এই জরিপ ভোটে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে ইতিবাচক জনমতের ইঙ্গিত দিচ্ছে।
