নিজস্ব প্রতিবেদক:
শহরের আইবিপি মাঠ সংলগ্ন পৌরসভার জমি রাতারাতি দখল করে নিয়েছে একটি চক্র। তারা দখলবাজি নিরাপদ রাখতে টিনশেড সেমিপাকা ঘর বানিয়েছে। তাতে ব্যবহার করেছে বিএনপির সাইনবোর্ড। সুবিধাবাদী গোষ্ঠীর অপকর্মের কারণে বদনাম হচ্ছে বিএনপি’র।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দখলকৃত জায়গায় রাতারাতির দোকানঘর নির্মাণ করে ধানের শীষের নির্বাচনী অফিসের মতো ব্যবহার করছে। যদিওবা কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল এ বিষয়ে অবগত নন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের ইস্যুকে কাজে লাগিয়ে সরকারি জায়গা দখলে নেমেছে কিছু ব্যক্তি। এখানে ঘোনাপাড়ার কায়সার, মেজবাহ, দিদার নামক কয়েকজন জড়িত। তাদের সঙ্গে পৌরসভার দু’একজন অসাধু ব্যক্তির গোপন চুক্তি রয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: শামীম আল ইমরানকে ফোন করে পাওয়া যায়নি।

তবে প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ জানিয়েছেন, এর আগেও একই জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল পৌরসভা। নতুনভাবে কেউ পৌরসভার জায়গা দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিষয়টি অবগত হয়ে ইতোমধ্যে পৌর প্রশাসককে জানানো হয়েছে।

উল্লেখ্য, জনগণ ও যান চলাচল ব্যাহত হয় এমন জায়গা অথবা সরকারি জায়গা দখল করে কোন প্রার্থী তার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করতে পারবে না, অভিমত আইনজীবীদের।