আশরাফ বিন ইউছুপ, সিবিএন:
চকরিয়া থানার সামনে ব্যাটারী চালিত অটোরিকশা টমটম নিয়ে যেতেই ” জয়বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে স্লোগান। চাকরিয়া থানার ওসি নিজেই বের হয়ে দৌঁড়ে ধরলেন সেই টমটম ও গাড়িতে থাকা স্লোগান দেয়া ছয় কিশোরকে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়া থানার সামনে এমন ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটককৃতরা হলেন- মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) এবং রাফি (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে হঠাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছিলেন। এসময় থানার আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকরিয়া থানার ওসি স্লোগান শোনে থানা থেকে বের হয়ে নিজেই দৌঁড়ে টমটম আটকিয়ে ছয়জন কিশোরকে আটক করে। পরবর্তীতে চকরিয়া থানা পুলিশের একটি টিম তাদের ছয়জনকে থানা হাজতে নেন।
এসময় টমটম চালক মোহাম্মদ মারুফকে তাঁর টমটম সহ থানা পুলিশ আটক করে। মারুফের পিতা কামাল হোসেন জানান, আমার ছেলে টমটম চালায়। সে স্লোগান দেয়ার প্রশ্নই আসেনা। যারা স্লোগান দিয়েছে তারা পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি থেকে নেমে পালিয়েছে। কিন্তু আমার ছেলে ও তার গাড়িটা থানা পুলিশ নিয়ে গেছে। আমি চাই সঠিক তদন্তে নিরীহ কাউকে হয়রানি না করুক ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করেছি।
তিনি আরও জানান, যাচাই বাছাইয়ের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
