সংবাদ বিজ্ঞপ্তি:
নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানিয়ে বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজার-এর মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আতাউল্লাহ আল বুখারী-এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ৭ম শ্রেণির ছাত্র মোহাম্মদ নাঈম-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে সুললিত কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মোরশেদুল আলম রাজবি।

স্বাগত বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা হাফেজ ক্বারী রুহুল আশরাফ রমজান।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের মনে যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে, তা সারা বছর পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বায়তুশ শরফ মাদ্রাসা যুগোপযোগী ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, শিক্ষাবর্ষের শুরুতেই সব বই হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং এতে তাদের পড়াশোনার আগ্রহ আরও বেড়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোতাহারুল ইসলাম।