সিবিএন ডেস্ক:

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাতে সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি আরও বলেন, সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।