রাষ্ট্রের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান উল্লেখ করে ধর্মের নামে কোনো বিভাজন বিএনপি সরকার চায় না বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মধ্যেও কোনো ভেদাভেদ থাকবে না।
প্রতিমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতি পুনর্ব্যক্ত করে তিনি মন্দির, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাবিবুর রশিদ বলেন, দল-মত নির্বিশেষে তাঁকে নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। ঢাকা-৯ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।
