জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় দুই লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হন তারা। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
