চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নিয়মে নীতিমালা তৈরি করে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন চাইলেও তাতে সাড়া দেয়নি মন্ত্রণালয়। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন এনে নতুন করে ভর্তি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই একাদশ শ্রেণির ভর্তি আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। থাকবে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগও। পাশাপাশি নভেম্বরের পরিবর্তে সেপ্টেম্বরের মধ্যেই পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় আবেদনের সুযোগ রাখা হবে। একইভাবে কোনো শিক্ষার্থী আবেদনের পর বাদ পড়লে, নিশ্চায়ন না করলে কিংবা কোনো কলেজে ভর্তির সুযোগ না পেলে তাকে আবার আবেদনের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনাও ছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাবে সায় দেওয়া হয়নি। নতুন পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শুরুতেই অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হতে পারে। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হয়ে যারা পুনরায় আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাসও আগামী ১ অক্টোবরের মধ্যে শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আশা করছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা আকারে তা জারি করবে।
নীতিমালায় পরিবর্তনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অ্যাকাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এ জন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাব আকারে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
জানা গেছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু গত কয়েক বছর নানা কারণে তা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ১০ জুলাই। এরপর ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। এরপরও গত বছরের তুলনায় ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করে একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
