চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্গত এলাকার জন্য ত্রাণ সহায়তা হিসেবে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ড. মাহদী আমিন আরও জানান, উদ্ধার কার্যক্রমে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী কাজ করছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ওষুধ, নিরাপদ পানি, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।