মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান। শনিবার দিবাগত রাত, অর্থাৎ ১৪ জুন ভোর ৪টায় মাঠে নামবে সেলেসাওরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল।

তবে প্রথম ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে রাইট-ব্যাক পজিশন নিয়ে মধুর সমস্যায় ভুগছেন ইতালিয়ান এই কোচ।

ইনজুরির কারণে তরুণ ডিফেন্ডার ওয়েসলি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ায় রক্ষণভাগে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের তালিকায় থাকা ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে অনুশীলনে রাইট-ব্যাক হিসেবে পরীক্ষা করে দেখেছেন আনচেলত্তি।

তবে রাইট-ব্যাক পজিশনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অভিজ্ঞ দানিলো ও রজার ইবানেজ। গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে গড়ে ওঠা চার সদস্যের রক্ষণভাগে দানিলোর অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। রক্ষণভাগের অন্য তিন পজিশনে মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং অ্যালেক্স সান্দ্রোর খেলা প্রায় নিশ্চিত।

এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফ্রিকার এই দলটি স্পেন ও পর্তুগালের মতো পরাশক্তিকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল। তাই মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

ম্যাচটিতে আনচেলত্তি দলকে পরিচিত ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামাতে পারেন। মাঝমাঠে ‘ডাবল পিভট’ হিসেবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েস জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে।

কাফ ইনজুরির কারণে নেইমার জুনিয়র প্রথম ম্যাচে খেলতে পারছেন না। ফলে আক্রমণাত্মক মিডফিল্ডার বা ‘নাম্বার ১০’ ভূমিকায় লুকাস পাকেতা কিংবা রাফিনিয়াকে দেখা যেতে পারে।

আক্রমণভাগের বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা একপ্রকার নিশ্চিত। তবে ডান প্রান্তে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন রাফিনিয়া, তরুণ রায়ান এবং লুইজ হেনরিক।

সবচেয়ে বড় প্রশ্ন স্ট্রাইকার পজিশনে। ‘নাম্বার নাইন’ হিসেবে ম্যাথিউস কুনিয়া, এনড্রিক এবং ইগর থিয়াগোর মধ্যে একজনকে বেছে নিতে হবে আনচেলত্তিকে।

পরিসংখ্যানের বিচারে ইগর থিয়াগো এগিয়ে। জাতীয় দলের হয়ে মাত্র চার ম্যাচে তিনি দুটি গোল করেছেন। অন্যদিকে ম্যাথিউস কুনিয়া ২৯ ম্যাচে গোল করেছেন মাত্র একটি। তবে আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতার দিক বিবেচনায় কুনিয়াকেই প্রথম একাদশে দেখা যেতে পারে।

বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করতে চাইবে ব্রাজিল। তবে মরক্কোর মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচেই সেলেসাওদের দিতে হবে কঠিন পরীক্ষা।