ইমাম খাইর, সিবিএন:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রধান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর আগামীকাল (১৩ জুন) কক্সবাজার সফরে আসছেন। নানা কারণে তার এই সফর খুবই গুরুত্ব বহন করছে। পরিবর্তিত রাজনৈতিক এই পরিস্থিতিতে পর্যটন শহরে এসে তিনি কি ঘোষণা দিচ্ছেন, সেটি অনেকের বিবেচ্য বিষয়।
একদিনের সফরে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ, শহীদের কবর জিয়ারত, সুধী সমাবেশ ও দলীয় সমাবেশে তিনি ব্যস্ততম সময় কাটাবেন।
তাঁর এই দিনব্যাপী সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সরকার প্রধানের এই সফর ঘিরে জেলাজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ।
তারেক রহমানের সফর উপলক্ষে কক্সবাজার শহরে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠন গতকাল পৃথক স্বাগত মিছিল করেছে। চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এমপি, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীসহ দলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ প্রস্তুতি দেখভাল করছেন। তারা ইতোমধ্যে অনুষ্ঠানের স্থানসমূহ ঘুরে এসেছেন। প্রস্তুতি সভা করেছেন।
পিএমখালীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুণঃখনন কর্মসূচি অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এদিকে, তারেক রহমানের এই সফরটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী : সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে উপস্থিতি এবং পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুন:খনন অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা, সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুন:খনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান, দুপুর ১২ টায় ডুলাহাজারা সাফারি পার্ক দৰ্শন, সোয়া ১২ টায় মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপনের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপন কৰ্মসূচির শুভ উদ্বোধন, সোয়া ১টায় জুলাই গণঅভ্যুখান ২০২৪-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মোঃ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যবর্গের সাথে সাক্ষাৎ, দুপুর দেড়টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলা ২টায় নবগঠিত মাতামুহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টাৰ্মিনালে আয়োজিত দলীয় জনসভায় যোগদান। সমাবেশ শেষ করে তিনি চকরিয়া হতে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা, মেরিন ড্ৰাইভ সড়ক এবং সমুদ্র সৈকত দৰ্শন করবেন। রাত ৮ টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী।