সিবিএন ডেস্ক: 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. আব্দুল খালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজু আমতলী সীমান্তের ৩৯ নম্বর পিলারসংলগ্ন একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-সি) বাসিন্দা মো. আনুর ছেলে। তিনি দিনমজুর হিসেবে সীমান্তবর্তী এলাকায় কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, রেজু আমতলী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের কলাবাগানে এ দুর্ঘটনা ঘটে। সেখানে কাজ করার সময় মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলো ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় জনগণ ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার জন্য নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ল্যান্ডমাইনজনিত প্রাণহানি প্রতিরোধে স্থানীয়দের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।