মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশটির রাষ্ট্রীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।

গত মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

রুবিও জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা যাচ্ছে যে মোজতবা খামেনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্রমবর্ধমানভাবে সম্পৃক্ত হচ্ছেন। তিনি ইঙ্গিত দেন যে, ইরানের নেতৃত্ব কাঠামোয় মোজতবার ভূমিকা আগের তুলনায় আরও দৃশ্যমান হয়ে উঠছে।

উল্লেখ্য, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার পর থেকেই ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার গুঞ্জনের কারণে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছিল। এমন পরিস্থিতিতে মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে মোজতবা খামেনি জীবিত আছেন এবং নেতৃত্বের দায়িত্ব পালন করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: মিডল ইস্ট আই