সিবিএন ডেস্ক;

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৫টার দিকে শহরের সমিতিপাড়ার নাজিরারটেক পয়েন্টের বালুচরে মরদেহটি ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

পরে সি-সেইফ লাইফগার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবির পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে।

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ নয়জন বন্ধু টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে দুজন টিউব থেকে ছিটকে সাগরে পড়ে যান। এ সময় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও আবির প্রবল স্রোতের টানে নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরপরই লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা মরদেহটি আবিরের বলে তার স্বজনরা শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।