সিবিএন ডেস্ক:

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. আবীর (১৮) নামে পুরান ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুরে সৈকতের সীগাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসল করার সময় প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আবীর পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, আবীরসহ নয় সদস্যের একটি পর্যটক দল রোববার সকালে কক্সবাজারে এসে একটি গেস্ট হাউজে অবস্থান নেয়।

তার সঙ্গীদের বরাত দিয়ে তিনি বলেন, সমুদ্রে গোসলের সময় আবীর একটি টিউব ব্যবহার করছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের আঘাতে তিনি টিউব থেকে ছিটকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনার পরপরই লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম।

এদিকে, ঘটনাটি আবীরের স্বজনদের জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।