আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আদমশুমারি (জনগণনা) কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার (২৯ মে) নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে আগের সরকারকে জনগণনা নিয়ে গাফিলতির অভিযোগও করেন তিনি।
শুভেন্দুর দাবি, গত বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জনগণনা শুরুর বিষয়ে চিঠি পাঠালেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো উদ্যোগ নেয়নি। এমনকি ওই চিঠির জবাবও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর ১১ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জনগণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর ভাষ্য, অন্য অনেক রাজ্য এ কাজে এগিয়ে গেলেও পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল।
সরকারি তথ্য অনুযায়ী, জনগণনার কাজ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে থাকবেন জনগণনা পরিচালক রশ্মি কোমল। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া অভিযোগ গ্রহণের জন্য দুটি বিনা খরচের সহায়তা নম্বর চালু করা হয়েছে।
এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হবে। সরকারি কর্মীরা মোবাইল ফোনের বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন এবং তা কেন্দ্রীয় সার্ভারে জমা দেবেন।
সংবাদ সম্মেলনে শুভেন্দু আরও বলেন, জনগণনা একটি সাংবিধানিক দায়িত্ব, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার বিন্যাসে পরিবর্তন এসেছে।
তাঁর অভিযোগ, আগের সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া ও নজরদারি অবকাঠামো নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় জমি দেয়নি। ফলে অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
