মোঃ ইমরান, লামা;
বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে প্রচণ্ড গরম ও দাবদাহের কারণে অন্তত ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (২৬ এপ্রিল) পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগেও একই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে অসহনীয় গরমের সৃষ্টি হয়েছে। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় বন্ধ কক্ষে ক্লাস করতে গিয়ে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে; কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।
অসুস্থদের মধ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির কয়েকজনের অবস্থা বেশি খারাপ হয়ে পড়ে। এছাড়াও আরও কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া জানান, প্রতিষ্ঠানটিতে ৩৬৬ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র তিনজন শিক্ষক কর্মরত আছেন। তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং গরমের মধ্যে ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
