সিবিএন ডেস্ক:
সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে ইন্টারনেটের গতি ধীর হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SMW-5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চার দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে।
এ সময়ে কাজটি ট্রাফিক-প্রভাবিত হওয়ায় SMW-5 ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে বিএসসিপিএলসি জানিয়েছে, তাদের অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু থাকবে।
সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় চালু করা যায়।
