যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে না নিলে ইরানে আজই একটি সম্পূর্ণ সভ্যতা বিলীন হয়ে যেতে পারে—এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করে বলেন—ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত বা দাবি না মানে, তাহলে দেশটিতে “একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে”।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।” শেষে তিনি যোগ করেন, “কে জানে কী হয়?”

তবে মঙ্গলবারের এই আল্টিমেটামের পর তিনি কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।

তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।