সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আবির বান্দরবানের আজিজ নগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে আবির ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।

প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে ওঠে। এ সময় সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি-সেইফ লাইফগার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকেই তা মানতে চান না।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।