অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম-এর পুরনো টেক্সট বার্তার একটি স্ক্রিনশট।
ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে গোলাম রাব্বানীকে বার্তা পাঠান। পরবর্তীতে ৩ আগস্ট তিনি আবার যোগাযোগ করে নিজেকে ‘বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। একইভাবে ২০১৯ সালের ৩১ জানুয়ারি পুনরায় বার্তা পাঠিয়ে নিজেকে হলের ছোট ভাই হিসেবেও পরিচয় দেন। তবে এসব বার্তার কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।
এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু সাদিক তাকে বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছেন, তাই ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করতে পারেন—এ নিয়ে তার আর কোনো দাবি নেই।
স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি পোস্টে লেখেন, জীবনে কাউকে অবহেলা না করার শিক্ষা দেয় এই ঘটনা। তার ভাষায়, একসময় যাকে পাত্তা দেওয়া হয়নি, আজ তিনি জননন্দিত ছাত্রনেতা; আর যিনি উপেক্ষা করেছিলেন, তিনি সমালোচিত।
আব্দুল কাদের আরও বলেন, যারা অন্যের কাছ থেকে গুরুত্ব না পেয়ে হতাশ হয়ে পড়েন, তাদের জন্য এটি একটি অনুপ্রেরণার উদাহরণ হতে পারে।
