ডেস্ক নিউজ:
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলে নতুন একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য Greg Landsman এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
প্রস্তাবে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং নারীদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনার জন্য বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।
এতে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, একাত্তরে Jamaat-e-Islami পাকিস্তানি সেনাবাহিনীকে সরাসরি সহায়তা করেছিল এবং তাদের বিচারের আওতায় আনার কথাও গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।
১৯৭১ সালের গণহত্যার প্রমাণ হিসেবে প্রস্তাবে সাংবাদিক Anthony Mascarenhas-এর বিখ্যাত ‘Genocide’ প্রতিবেদন এবং ঢাকায় তৎকালীন মার্কিন কনসাল জেনারেল Archer Blood-এর পাঠানো ঐতিহাসিক ‘Blood Telegram’-এর উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর ‘Operation Searchlight’ ছিল একটি পরিকল্পিত গণহত্যা।
প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানানো হয়েছে, যেন ১৯৭১ সালের এই ভয়াবহ ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
