সিবিএন ডেস্ক

মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে ট্রাইব্যুনালের অতীতের সব কার্যক্রমও যাচাইবাছাই করা হবে।

বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনা ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক এবং বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নাম বাদ দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির ফোনালাপ ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে বুধবার সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।