ডেস্ক রিপোর্ট:
ইরানের পরিস্থিতি শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাইরেন ও বিস্ফোরণের শব্দের মাঝেই এবার দেশটির মাটিও কেঁপে উঠেছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে দক্ষিণ ইরানে অনুভূত হয়েছে ৪.৩ মাত্রার ভূমিকম্প।

United States Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জানা গেছে, Hormuz Strait-এর নিকটবর্তী দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই ভূমিকম্প নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা নাকি সম্ভাব্য সামরিক কার্যক্রমের ফল—তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ইরানের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা কিংবা মার্কিন ‘সিসমিক বোমা’ ব্যবহারের বিষয়টিও আলোচনায় আনছেন। যদিও এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটি একাধিক সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই সেখানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

সূত্র: এই সময়