সিবিএন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় আদালতের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় সেলিম মণ্ডল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার ৪১ নম্বর মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়ার পর তাঁকে শোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড–এর নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সে সময় ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

এর আগে, ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

গত ২৬ ফেব্রুয়ারি আইভী ফতুল্লা থানায় করা চারটি হত্যা মামলায় জামিন পান। পাশাপাশি সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাতেও তিনি জামিন লাভ করেন।

গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দেন। পরে আপিল বিভাগে বিষয়টি ওঠে এবং ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানার আরও পাঁচটি মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।