প্রেস বিজ্ঞপ্তি:
রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান এবং উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তনের দাবি নিয়ে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) কক্সবাজারে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা। “উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন” শীর্ষক এ গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার দুপুর ২টায় কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
জেলা হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সঙ্কটের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার ও নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে এ সঙ্কটের বহুমাত্রিক প্রভাব পড়ছে বাংলাদেশে, বিশেষত কক্সবাজার জেলায়। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংকটের স্থায়ী সমাধান বের করা জরুরি।
এমন উপলব্ধি থেকেই রোহিঙ্গা সঙ্কট উত্তরণে জনমত গঠন, সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ এবং সুচিন্তিত মতবিনিময়ের লক্ষ্যে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব এক বিজ্ঞপ্তিতে বৈঠকে যথাসময়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য আমন্ত্রিত প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন।
