নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে ছিনতাইপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী ইব্রাহিম বিন কাশেম ওরফে সম্রাট (২৩)সহ মোট পাঁচজনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ছিনতাই নিয়ন্ত্রণ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে কক্সবাজার শহরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম বিন কাশেম ওরফে সম্রাটকে আটক করা হয়। একই সময়ে পৃথক অভিযানে আরও চারজনকে আটক করা হয়।

আটক সম্রাট কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পানবাজার-বাটা রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশের দাবি, সম্রাট কক্সবাজার শহরের একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্রাটের বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ থানায় মামলা রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর থানার এফআইআর নং-৯/৯, তারিখ ৫ জানুয়ারি ২০২৫, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় এবং টেকনাফ থানার এফআইআর নং-৬৭/৫৮১, তারিখ ১৯ জুন ২০২২, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে আটক পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে সম্রাটকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও জোরদার করা হবে।