সিবিএন ডেস্ক:

মাদকসংক্রান্ত অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তিতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। এর মধ্যে মাদকপ্রবণ সীমান্ত জেলা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারে তিন ট্রাইব্যুনালের অধিক্ষেত্র

কক্সবাজার-১: টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী থানা।

কক্সবাজার-২: উখিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও থানা।

কক্সবাজার-৩: রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা।

এ ছাড়া ঢাকায় জেলা পর্যায়ে একটি ও মহানগরে চারটি, নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলায় একটি ও মহানগরে তিনটি এবং কুমিল্লায় দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরের জন্য একটি করে ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো সংশ্লিষ্ট বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মাদকসংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে কক্সবাজারে তিনটি পৃথক ট্রাইব্যুনাল গঠনকে সীমান্তবর্তী এ জেলার মাদকবিরোধী বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।