জালাল আহমদ, ঢাবিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবমবারের মতো অনুষ্ঠিত
হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা–২০২৫। আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

আজ ৮ জানুয়ারী (২০২৬)বৃহস্পতিবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বণিক বার্তার সহকারী সম্পাদক ও বিশেষ সংবাদদাতা বদরুল আলম, যুগ্ম বার্তা সম্পাদক শানজিদ অর্ণব, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং মঞ্জুর হোসাইন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিজিএম মো. আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, বিভিন্ন বইমেলায় গল্প-উপন্যাসের বই বেশি বিক্রি হয়। কিন্তু এ নন-ফিকশন বইমেলায় ইতিহাস, অর্থনীতি, পলিসি মেকিংসহ নানা ধরনের বই থাকে, যে বিষয়ে জ্ঞান শুধু ছাত্র-ছাত্রীর নয়, অন্য অনেকের প্রয়োজন হয়। এ প্রয়োজন মেটানো নন-ফিকশন বইমেলার একটা উদ্দেশ্য। এসব বই সাংবাদিকদের জন্যও বিশেষভাবে প্রয়োজন। তবে একটা কথা ওঠেছে যে আরো কিছু প্রকাশনা প্রতিষ্ঠানকে জায়গা দেয়া যায় কিনা। আসলে এখানে পরিসর সীমিত। এ পরিসরেই বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ সুন্দর আয়োজনের মাধ্যমে মেলাটি সফল করার চেষ্টা করে যাচ্ছে।

ওসমান ইমাম জানান, দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা হচ্ছে। আগামী উদ্বোধনী দিন তথা শনিবার ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা থাকায় এ দিনের মেলা দুপুর ১ টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। পরের দুই দিন যথারীতি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

এ ছাড়া তিনি নবম নন-ফিকশন বইমেলা সফলভাবে সম্পন্ন করার এবং এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। মেলাটি পাঠক, লেখক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক বার্তার প্রধান প্রতিবেদক ইমামুল হাছান আদনান বলেন, ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে শুরু হয় আমাদের এ যাত্রা। শুরুর পর থেকে এতগুলো বছর ধরে মেলাটি সফলভাবে আয়োজন করা একটা সফলতা। আমাদের জানামতে এটিই দেশের একমাত্র নন-ফিকশন বইমেলা।

তিনি আরো জানান, প্রতি বছরের মতো এবারও বইমেলা শুরু হবে সকাল ১০টায়। তবে নবম নন-ফিকশন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকাল ৪টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। ২০১৫ সালে শুরু হওয়া এ বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠক মহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগ্রহের সঙ্গে এ মেলায় অংশ নেয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণ করবে অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জ্ঞানকোষ প্রকাশনী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গল বুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় শেষদিন থাকবে র‍্যাফেল ড্রয়ের আয়োজন। র‍্যাফেল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার।

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল ২০২৫-এর এ সম্মাননার জন্য নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ দেয়া হবে। উল্লেখ্য, গত বছরও ৪টি বই ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ পেয়েছিল।

১২ জানুয়ারি বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’-এর জুরিরা।