এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;

যথাযোগ্য মর্যাদায় উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে বিপদগ্রস্ত দেশ ও জাতিকে সংকটমুক্ত করতে সিপাহি-জনতা ঐতিহাসিক ঐক্য গড়ে তুলেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার অর্পণ করেছিল।

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন কালজয়ী ও অনন্য মহান নেতা। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন।

ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৭ বছর ইতিহাসের পাতা থেকে এই মহান নেতার স্মৃতি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছিল। এখন সময় এসেছে নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনস্বীকার্য অবদান তুলে ধরার।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, উখিয়া জামায়াতের সাধারণ সম্পাদক সুলতান আহমদ এবং উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে একটি জনবান্ধব সরকার দেশ পরিচালনা করছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিনামূল্যে সার বিতরণ, কৃষক কার্ড ও হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান এবং দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া সারা দেশে খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশে থেকে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি পুরস্কার তুলে দেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উখিয়া কলেজ, উখিয়া সরকারি মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চবিদ্যালয়, ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।