আজিজুর রহমান রাজু :

কক্সবাজারের ঈদগাঁওয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দু শুক্কুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৮ অক্টোবর) ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দু শুক্কুর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার রাজঘাট গ্রামের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

ঈদগাঁও থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে চার বছর বয়সী শিশুটি নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় আব্দু শুক্কুর চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরের বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা ছদ্মনাম ‘ফুল’ ব্যবহার করে বাদী হয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের ধারাবাহিকতায় ১৮ অক্টোবর মামলার এজাহারনামীয় প্রধান আসামি আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ঈদগাঁও থানায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩৪১/৩২৩/৫০৬(২)/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।