এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই এলাকার আহমদের ছেলে। আহত দুই শিশু হলো—একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) ও রাসেলের মেয়ে তাসমিন (৩)।

হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল তিন শিশু। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর হামলে পড়ে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়ে শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শিশু তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ‘ঘটনার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’