ডেস্ক নিউজ:

সম্পত্তি দান বা হস্তান্তরের পরও মা-বাবার আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত করার বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’।

রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন ও ভোটাভুটির সময় বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেননি। বিলটির বিরোধিতা করে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এটিকে কোরআন-সুন্নাহবিরোধী বলে মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা কি কোরআনের মূল নীতিকে রাখব নাকি বাদ দেব? আমাদের কি বাদ দেওয়ার কোনো অধিকার আছে? আমি বিশ্বাস করি, বিষয়টি খুবই সংবেদনশীল।’

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এই আইনের অধীনে সম্পত্তি হস্তান্তর বা দান করা হলে তা হেবা, অসিয়ত বা অন্য কোনো সম্পত্তি হস্তান্তরকে প্রভাবিত করবে না। অসহায় ও বৃদ্ধ মা-বাবার পাশে থাকার লক্ষ্যেই আইনটি করা হয়েছে বলে জানান তিনি।

পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিলটির ওপর ভোট গ্রহণ করেন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। পরে বিলটি পাস হয়।

এদিকে সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-ও পাস হয়েছে। বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, নতুন আইনে মানবাধিকার কমিশনকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং নির্ধারিত ক্ষতিপূরণ আদায়ে ‘পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট’ প্রয়োগের সুযোগ রাখা হয়েছে।

বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও জনমত যাচাইয়ের প্রস্তাবের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য ভোট দেন। পরে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ সংসদে পাস হয়।