জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির জওয়ানেরা মৌলভীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন তারা।
আটক মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার নুরুল আলম ও দুলু বিবির ছেলে রুহুল আমিন (১৮)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
