ঢাকার সার্কিট হাউস রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউস রোড দিয়ে একটি পতাকাবাহী রেঞ্জ রোভার (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। ওই সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
আইন ভঙ্গের বিষয়টি নজরে আসার পর দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামান। পরে চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি জানানো হয়। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি পৃথক ধারায় মামলা করা হয়।
ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে—প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে।
ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়ার ঘটনা নজিরবিহীন। তিনি বলেন, এর আগে যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টো পথে চলতে দেখা গেলেও এবার ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে।
