জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে ৪ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ৪৪১ জন দুস্থ, অসহায় শিশু, নারী-পুরুষ এবং নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
