এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা চারজন শিশু ও একজন নারী রোগীকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র (ডিসচার্জ) প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হয়ে ওঠা রোগীদের নতুন জীবনের আনন্দকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজনের উদ্যোগ নেয়। এ সময় রোগীদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে গোলাপ ফুল, পুষ্টিকর জুস ও ডাব তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, মোহাম্মদ হোছাইন ও মিজানুর রহমানসহ কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, “হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮৫ জন রোগীকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত রোগীদের পর্যবেক্ষণ ও তদারকির মাধ্যমে সর্বোচ্চ সেবা দিয়ে আসছেন। ফলে আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”
তিনি আরও বলেন, “রোগীদের সাহস জোগানো, মানসিকভাবে উৎসাহিত করা এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো শনাক্তকরণ, যথাযথ আইসোলেশন ব্যবস্থা এবং মানসম্মত চিকিৎসার মাধ্যমে রোগীরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের হাসিমুখ এবং স্বজনদের স্বস্তিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
হাম প্রতিরোধে সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কোনো শিশুই যেন হাম-রুবেলা টিকা থেকে বাদ না পড়ে। একই সঙ্গে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীকে আইসোলেশনে রাখতে হবে।”
ডিসচার্জপ্রাপ্ত রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবা, যত্ন এবং মানবিক আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মানসম্মত চিকিৎসাসেবা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
