রামু প্রতিনিধি:
কক্সবাজার-ঈদগাঁও সড়কের পানিরছড়া থেকে রামুর দিকে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার (৫০) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থলিয়াঘোনা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
রামু হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশায় থাকা খালেদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে তুলাবাগান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তুলাবাগান হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
