আজিজুর রহমান রাজু :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার জাফর আলমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য গৌরব অর্জন করেছেন।

তিনি চীনের স্বনামধন্য Lanzhou University of Technology আয়োজিত “LUT International Summer Camp on Artificial Intelligence 2026”-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন।

বিশ্বব্যাপী প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও গবেষণায় পরিচিত এই সামার ক্যাম্পে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

চীনা সরকারের China Scholarship Council (CSC Scholarship)-এর আওতায় নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ ফাহিম অন্যতম হিসেবে এ সুযোগ লাভ করেন।

আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সামার ক্যাম্পে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আধুনিক প্রযুক্তি, গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন, সেমিনার এবং প্রজেক্টভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, আগামী ১ জুলাই তিনি বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

তার এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোহাম্মদ ফাহিমের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সফলতা নয়, বরং ঈদগাঁও তথা কক্সবাজারের শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

এদিকে, তার এ সাফল্যে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সাফল্য কামনা করেছেন।