হ্যাপী করিম, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মোরশেদ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু বক্কর ও মোরশেদ স্থানীয় একটি দোকানে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। খেলার একপর্যায়ে আবু বক্কর দোকানদারের কাছে মটরভাজা চান। দোকানদার মজার ছলে মটরভাজা তার দিকে ছুড়ে দিলে সেটি বক্করের কাছে না গিয়ে মোরশেদের সামনে টেবিলের নিচে পড়ে। পরে মোরশেদ সেটি তুলে আবু বক্করের দিকে ছুড়ে মারেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবু বক্কর তার হাতে থাকা মোবাইল ফোন মোরশেদের দিকে ছুড়ে মারেন। মোবাইলটি দেয়ালে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হলে উভয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে আবু বক্কর বাড়ি থেকে একটি ছুরি এনে মোরশেদের ওপর হামলা চালান। এতে মোরশেদ গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত মোরশেদকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহেশখালীতে যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক, অবস্থা আশঙ্কাজনক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
