আব্দুল্লাহ সায়েম:

কক্সবাজারের জালালাবাদে আল-মাহদি এসোসিয়েশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ মে) কক্সবাজারের ঈদগাহ এলাকার জালালাবাদে স্থানীয় একটি নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আল-মাহদি এসোসিয়েশন ২০১২’ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে প্রধান অতিথি ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদুল ইসলাম রায়হান। তিনি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে ওয়াসিফুর রহমান জানান, ক্যাম্পে আগতদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোগীদের খাদ্যাভ্যাস, পুষ্টি ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সংগঠনের সদস্যরা বলেন, প্রান্তিক মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ‘আল-মাহদি এসোসিয়েশন ২০১২’-এর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। এ আয়োজন সফল করতে সংগঠনের স্বেচ্ছাসেবক, সিনিয়র প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।