সিবিএন ডেস্ক;

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

পরে দুপুর আনুমানিক ১টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা কাপড়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।