নাছির উদ্দিন সোহেল, মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার পৌরসভার ঘোনাপাড়া এলাকায় সদ্য এসএসসি পরীক্ষার্থী ১৬ বছর বয়সী মিতুর বিষপানে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুস সালামের ছেলে মো. ফাহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে মিতুর প্রেমের সম্পর্ক ছিল। তবে দুই পরিবারের মধ্যে এ সম্পর্ক নিয়ে মতবিরোধ দেখা দিলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিবারের দ্বন্দ্বই মিতুর মৃত্যুর পেছনের মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত রোববার (২৪ মে) সকাল প্রায় ১১টার দিকে নিজ বাড়িতে বিষপান করা অবস্থায় মিতুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য Chittagong Medical College Hospital-এ রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) বিকেলে মিতুর মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে ফাহিমের পরিবারের কয়েকজন সদস্য সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়।
মিতুর মা অভিযোগ করে বলেন, “আমাকে গামছা দিয়ে মুখ বেঁধে রেখে দরজা বন্ধ করে মিতুকে মারধর করা হয়। পরে ফাহিমের মা জোরপূর্বক তাকে বিষপান করান।”
এদিকে, ঘটনার পর প্রেমিক ফাহিমের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই ফাহিমের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ফাহিমের ফুফু সাবেকুন্নাহার বলেন, “মিতুর পরিবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরিবার অন্যত্র বিয়ে দিতে চাইলে মিতু রাজি ছিল না। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তার মা তাকে মারধর করলে সে অভিমান করে বিষপান করে।”
স্থানীয় সচেতন মহল জানান, সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
