সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৪ মে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে সংঘটিত দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্তে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগের পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জেলা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও হাজারো মানুষের উপস্থিতি থাকে। এমন জায়গায় সংঘটিত এ ধরনের ঘটনা কক্সবাজারের ইতিহাসে নজিরবিহীন।
সমিতির দাবি, ঘটনার পর এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থা আইনজীবী সমিতির মতামত নেয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে তারা অন্ধকারে রয়েছেন। অথচ আদালত এলাকায় প্রায় দেড় হাজার আইনজীবী, অসংখ্য শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী সহকারী নিয়মিত দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সংবাদ প্রকাশিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে। মামলার এজাহার ও ভিডিও ফুটেজের মধ্যে অসংগতি রয়েছে বলেও দাবি করেছে সমিতি। একই সঙ্গে ঘটনার পরপর দেওয়া বক্তব্য এবং পরবর্তী সময়ের বক্তব্যের মধ্যেও ভিন্নতা রয়েছে বলে উল্লেখ করা হয়।
আইনজীবী সমিতি বলেছে, আদালতে পুলিশ পরিদর্শকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকার পরও আটক ব্যক্তিকে আদালতে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর না করে থানায় নেওয়ার ঘটনা নিয়েও নানা প্রশ্ন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, জেলা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও আইনজীবী সমিতির মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া মামলা দায়ের ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
আইনজীবী সমিতি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি আদালত এলাকায় বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশকে অস্থিতিশীল করা কিংবা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে কোনো অপচেষ্টা কি না, সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
