পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় আকস্মিক দমকা হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টিতে অন্তত চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে পড়ার আশঙ্কায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ কালো মেঘের সঙ্গে শুরু হওয়া তীব্র ঝড়ো হাওয়ায় কয়েকটি ঘরের টিনের চাল উড়ে যায় এবং ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দু শুক্কর, হাসান, আজমগীর বাদশা ও রহমত আলী।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ঝড়ে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়েছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় গাছ উপড়ে যাওয়ায় চলাচলেও বিঘ্ন ঘটে।
কক্সবাজার নারী ও শিশু আদালতের পিপি ও স্থানীয় বাসিন্দা মীর মোশাররফ হোসেন বলেন, “হঠাৎ হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবাইকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকতে হবে।”
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
