পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রকিবা জান্নাত মুন্নী (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাদেক আহমেদের স্ত্রী।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে বৃষ্টি ও বজ্রসহ প্রতিকূল আবহাওয়া বিরাজ করছিল। পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় বসে কথা বলার সময় বেলা আনুমানিক ১১টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতটি টিনশেড ঘরের এক কোণে আঘাত হানে। এতে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন মুন্নী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুন্নীর বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে। লবণচাষি ছাদেক আহমেদের সঙ্গে তার প্রায় এক বছর আগে বিয়ে হয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বামী ছাদেক আহমেদ বলেন, “আমার স্ত্রী মুন্নী পরিবারের সবার সঙ্গে খুবই অমায়িক ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের এক বছরের মাথায় তাকে হারিয়ে আমাদের পরিবারে গভীর অন্ধকার নেমে এসেছে।”
মুন্নীর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
