নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে— এমনটি তিনি মনে করেন না।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লিকে চিঠি পাঠানো হলেও সেটির কার্যকারিতা নিয়ে শুরু থেকেই প্রত্যাশা কম ছিল বলে ইঙ্গিত দেন তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, “উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে— এমনটি হবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমার ধারণা, তারা আবার রাজনীতিতে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে।”
সাক্ষাৎকারে সাবেক এই উপদেষ্টা জানান, দায়িত্ব পালনকালে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে বলা হয়েছিল, এতে অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সামান্যতমও সম্পৃক্ত ছিল না। এতে কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জড়িত ছিল।”
জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’-এর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ডিপস্টেট পৃথিবীর প্রায় প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকে।”
