আব্দুস সালাম, টেকনাফ:

মিয়ানমারে পাচারের সময় বঙ্গোপসাগর থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ৩৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।

রোববার দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২,৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া জব্দ করা ট্রলারগুলো থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই তিনটি ট্রলারের মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে সরবরাহ করতেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম বাড়ানো হয়েছে। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”