জসিম উদ্দিন টিপু, টেকনাফঃ

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার আলাউদ্দিনের ছেলে নাজমুল (২৮) এবং ২৭ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩০)।

রোববার (২৪ মে) বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ২ বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি বাড়িতে জাল নোট তৈরি করছে— এমন সংবাদের ভিত্তিতে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

রোববার দুপুরে তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট এবং নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক নাজমুল ফেরিওয়ালার ছদ্মবেশে এ ব্যবসা পরিচালনা করতেন।

উপ-অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে হাতেনাতে নগদ ৮ হাজার টাকা (বাংলাদেশি) উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের আস্তানা থেকে কম্পিউটার, ল্যাপটপ, নোট তৈরির প্রিন্টিং মেশিন এবং প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর মুবাশ্বির নাকীব।