আরোজ ফারুক

কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুঃস্থ, অসুস্থ, অসহায় রোগী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দুই ক্যাটাগরির ৪১ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহযোগিতা অসহায় পরিবারগুলোর চিকিৎসা ও শিক্ষার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল এবং প্রফেশনাল অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে ব্যক্তি পর্যায়ে অসহায় রোগীদের মধ্যে ২১ জনকে ১০ হাজার টাকা এবং ৪ জনকে ২০ হাজার টাকা করে মোট ২৫ জনের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া প্রতিবন্ধী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।